হাওজা নিউজ এজেন্সি: আজ রোববার বাহরাইনের একটি আদালতে ৬৯ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। তাঁদের মধ্যে ৬০ জন ধর্মীয় আলেম রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্যপদ গ্রহণ, ‘সাংবিধানিক শাসনব্যবস্থা’ উৎখাতের চেষ্টা এবং ইরানের রাজনৈতিক আদর্শ প্রচারের অভিযোগ আনা হয়েছে।
বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (BIRD)-এর সংগৃহীত সাক্ষ্য অনুযায়ী, বিচারাধীন ব্যক্তিদের বিভিন্ন ধরনের নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হতে হয়েছে। তাঁদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা, চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে রাখা, ঘুম থেকে বঞ্চিত করা এবং তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের শারীরিক ও যৌন নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ২০টি মানবাধিকার সংগঠন বাহরাইন কর্তৃপক্ষের প্রতি নির্বিচারে আটক ব্যক্তিদের মুক্তি এবং শান্তিপূর্ণ ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ তদন্তেরও দাবি জানিয়েছে সংগঠনগুলো।
BIRD-এর অ্যাডভোকেসি পরিচালক সৈয়দ আহমেদ আলওয়াদেয়ি এই বিচারপ্রক্রিয়াকে ‘বাহরাইনের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও পরিচয়ের ওপর আঘাত’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, ২০১১ সালের পর থেকে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত নিপীড়নের অন্যতম নিকৃষ্ট উদাহরণ এটি।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘নির্যাতনের অভিযোগগুলো উপেক্ষা করা হলে এবং আসামিদের বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণ চ্যালেঞ্জ করার যথাযথ সুযোগ দেওয়া না হলে বিচারব্যবস্থা নিপীড়নের হাতিয়ারে পরিণত হয়।’
তিনি আরও বলেন, ‘বিচারের নামে এই প্রহসন বন্ধ করতে হবে। অন্যথায় এটি দেশের মানুষের মনে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করবে এবং জাতীয় বিভাজন আরও গভীর করবে।’
সূত্র: মিডল ইস্ট আই (Middle East Eye)
আপনার কমেন্ট